নাঙ্গলকোটে টাকার বিনিময়ে যুবদলের কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

24 May 2023, 10:54:06

নিজস্ব প্রতিবেদক
টাকার বিনিময়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌর সভা যুবদলের আহ্বায়ক কমিটি দেওয়ার প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে সংগঠনের একাংশের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেলে নাঙ্গলকোট পৌর সদর বাজার এলাকায় এ ঝাড়ু মিছিল হয়। জানা যায়, গত সোমবার কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণা করা হয়। এতে মনিরুল ইসলামকে আহ্বায়ক ও কামরুজ্জামান টিটুকে সদস্য সচিব করে ৫৬ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি এবং নুরুল আফসার সজলকে আহ্বায়ক ও এনায়েত উল্লাহ কামালকে সদস্য সচিব করে ৩৩ সদস্যের পৌর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটিকে টাকার বিনিময়ে অবৈধ পকেট কমিটি দাবি করে সাবেক ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপুর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে বেশকিছু নেতাকর্মীদের হাতে ঝাড়ু দেখা যায়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, উপজেলায় দীর্ঘ ৬ বছর যুবদলের কমিটি নেই। ২০১১ সালে একটি পকেট কমিটি গঠন করা হয়। ২০১৭ সালের দিকে ওই কমিটি বিলুপ্ত করা হয়। আমরা দলের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাই। এতে একেকজন ৩০-৩৫ মামলার শিকার হই। অথচ কেন্দ্রীয় নেতারা টাকার বিনিময়ে এমন পকেট কমিটি দিয়েছে, যারা কখনো আন্দোলন সংগ্রামে ছিল না।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.