নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

8 August 2023, 3:23:45

নাঙ্গলকোট প্রতিনিধি-

কুমিল্লার নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে মো. শাওন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত ওই কিশোর উপজেলার জোড্ডা (পূর্ব) ইউনিয়নের পানকরা গ্রামের উত্তরপাড়া সরদার বাড়ির মো. সাইফুল ইসলামের ছেলে।

সোমবার (৭ আগস্ট) দুপুরে নিজ ঘরে আইপিএস মেরামত করতে গিয়ে সে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাস করেছে শাওন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন যাবৎ তাদের ঘরে আইপিএস লাইনটিতে সমস্যা দেখা দেয়। ঘটনার দিন দুপুরে শাওন আইপিএস লাইনটি মেরামত করতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষণিক বাড়ির লোকজন এবং স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাওনের পরিবার আরো জানায়, সে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাস করেছে। একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আগামী ১০ আগস্ট অনলাইনে আবেদনের প্রস্তুতিও নিচ্ছিল। কিন্তু এর আগেই দুর্ঘটনার শিকার হয়ে না ফেরার দেশে চলে গেল। ছেলেকে হারিয়ে তার মা-বাবা, স্বজনরা শোকে বাকরুদ্ধ।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.