Monday 1 June, 2026

নাঙ্গলকোটে কোটা আন্দোলনকারীদের সাথে আ’লীগের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত-১৭

18 July, 2024 5:57:58

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কমপ্লিট শাটডাউন’ চলাকালে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কোটা বিরোধী আন্দোলনকারীরা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদরের লোটাস চত্ত্বর এলাকা থেকে মিছিল বের করে বাজারের প্রাধন-প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেল গেইট এলাকায় পৌছলে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষ ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট বাজার এলাকায় রেলপথের দু’পাশ দখলে নিয়ে বৃষ্টির মত পাথর ছুঁড়তে থাকে। এতে উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া বুধবার সকালে কোটা বিরোধী আন্দোলনকারীদের মিছিলে ছাত্রলীগ হামলা চালায়, হামলায় আমীর হামজা মুন্না ও হারুনুর রশিদ নামে ২ আন্দোলনকারী আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, কোটা বিরোধী আন্দোলনকারীরা বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোট লোটাস চত্ত্বর এলাকা থেকে মিছিল বের করে নাঙ্গলকোট বাজার ঘুরে রেল গেইট এলাকায় আসলে পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সুমন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ওবায়েদুল হক, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কলেজ ছাত্রলীগ সভাপতি তানবীর মাহবুব অন্তর, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অনি ও পৌরসভা ছাত্রলীগ সভাপতি বেলাল হোসেন শিমুলের নেতৃত্বে নেতাকর্মীরা বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ও রেলপথের পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হন। পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে পুলিশ এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
এদিকে কোটা বিরোধী আন্দোলনে নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডায় বুধবার ও বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, নিরাপত্তার স্বার্থে উপজেলা সদরের বিভিন্ন স্থানে পুলিশ অবস্থান করছে এবং উপজেলা ব্যাপী টহল জোরদার করা হয়েছে।

 

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০