Friday 31 July, 2026

নাঙ্গলকোটে নিখোঁজের ১৮ ঘন্টা পর নদী থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

31 May, 2026 11:42:37

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –

কুমিল্লার নাঙ্গলকোটে বন্ধুদের সাথে সাঁতার কেটে ডাকাতিয়া নদী পার হতে গিয়ে মোহাম্মদ শিহাব (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের ১৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯শে মে) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে নাঙ্গলকোট উপজেলার নারান্দিয়া ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিহাব নাঙ্গলকোট উপজেলার মৌকারা ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহিরুল হক শিপনের ছেলে। সে চট্টগ্রাম বিএন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

নিখোঁজ সিহাবের মামা আসিফ আকবর জানান, শুক্রবার দুপুরে শিহাব তার অপর দুই বন্ধুকে নিয়ে নারান্দিয়া গ্রাম থেকে তালের শাস খাওয়ার জন্য পার্শ্ববর্তী ঝাকজুর গ্রামে যায়। জুমার নামাজের সময় ঘনিয়ে আসায় দ্রুত ফিরে আসতে তিন বন্ধু সাতার কেটে নদী পার হওয়ার জন্য নদীতে নামে। অপর দুই বন্ধু সাঁতার কেটে নদী পার হলেও শিহাব নদীতে হারিয়ে যায়।

চৌদ্দগ্রাম ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে কলেজ ছাত্র শিহাবের নিখোঁজ হওয়ার খবর পাই। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিহাবকে উদ্ধারের চেষ্টা করি। তাৎক্ষণিক চাঁদপুর থেকে ডুবুরি টিমকেও খবর পাঠাই। চাঁদপুরের ডুবুরি টিম মোহাম্মদ আলীর নেতৃত্বে বিকেল থেকে চেষ্টা করেও নিখোঁজ শিহাবকে উদ্ধার করতে পারেনি। পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত রাখা হয়। শনিবার ভোর সাড়ে ৫ টায় পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু করি। একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে ডাকাতিয়া নদীর নারানদিয়া ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ডুবন্ত অবস্থা শিহাবের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শিহাবের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০