Sunday 13 September, 2026

নাঙ্গলকোটে ১৫ দিন যাবৎ অবরুদ্ধ ৪ পরিবার প্রশাসনের নিকট ধর্না দিয়েও মিলছেনা সুরাহা

28 February, 2026 11:02:08

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের দক্ষিণ মাহিনী গ্রামে প্রতিবেশীদের প্রতিহিংসার শিকার হয়ে ৪ পরিবারের ২০ সদস্য ১৫ দিন যাবৎ নিজ ঘরে অবরুদ্ধ হয়ে পড়েছে। বাড়ির চারপাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় পরিবার গুলো মানবেতর জীবন যাপন করছেন। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি, থানা পুলিশ, উপজেলা ভূমি অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছেনা বলে দাবি ভুক্তভোগী রাকিব হোসেনের।

শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়ে পরিবার গুলোর চলাচলের সব রাস্তায় টিন, নেট, বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। সর্বশেষ তারা নিরুপায় হয়ে প্রতিপক্ষের দেয়া টিনের বেড়া থেকে একটি বেড়ার টিন খুলে কোনরকম চলাচল করছে।

ভুক্তভোগী পরিবার গুলোর পক্ষ থেকে রাকিব হোসেন বলেন, আমাদের সাথে দক্ষিণ মাহিনী গ্রামের আমাদের প্রতিবেশী প্রতিপক্ষের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জেরে গত ১৫ দিন পূর্বে আমাদের একই বাড়ির মরহুম যৌবন আলীর ছেলে সফিকুর রহমান, হাজী রফিকুল ইসলাম, নূরুল ইসলাম, মোখলেছুর রহমান, মনিরুল ইসলাম, আকবর আলীর ছেলে আইউব আলী আমাদের বাড়ি থেকে বের হওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। আমি এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, থানা পুলিশ, উপজেলা ভূমি অফিসও জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাইনি। আমরা অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের নিয়ে গত ১৫ দিন যাবত অবরুদ্ধ মানবেতর জীবন যাপন করছি। আমি এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে প্রতিপক্ষ সফিকুর রহমান বলেন, দীর্ঘদিন থেকে আমাদের সাথে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। তারা আমাদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে। যার কারণে আমরাও এখন তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছি।

নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, তাদের দুই পক্ষের মধ্যে সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান। থানা পুলিশ এ বিষয়ে কোন হস্তক্ষেপ করতে পারে না। আদালতের নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিধি বলেন, আপনার মাধ্যমে বিষয়টি অবগত হলাম। ভুক্তভোগীরা আমার নিকট আবেদন করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০