নাঙ্গলকোটে ৩শ’ ১৫ কেন্দ্রে ৬৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটে ৩১৫টি কেন্দ্রে ৬৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। শুক্রবার সকালে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সংক্রান্ত অবহিত কারণ ও পরিকল্পনা সভায় এসব বিষয়ে অবহিত করা হয়। ১ জুন দিনব্যাপী সারাদেশের ন্যায় নাঙ্গলকোট উপজেলায় এ ক্যাম্পেইন চলবে। অবহিত কারণ ও পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবদাস দেব।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জাকারিয়া, নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসক ডা: আরিফ ইমরান, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সদস্য সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি জালাল উদ্দিন ও স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা- কর্মচারী বৃন্দ।
সভায় নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব বলেন, জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। নাঙ্গলকোট উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার শিশুকে নীল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও বলেন, ৩১৩টি কেন্দ্রে দুই প্রকারের এই শক্তিশালী ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও এবারের ক্যাম্পেইনে নাঙ্গলকোট রেল স্টেশন ও বাস স্টেশনে থাকবে ২টি ভ্রাম্যমাণ কেন্দ্র। তবে কোনো বাচ্চার অভিভাবক বা বাচ্চা এই ক্যাপসুল না খেতে চায় তাহলে তাকে জোর করে খাওয়ানো হবে না। এই ভিটামিন এ খাওয়ানোকে কেন্দ্র করে অনেকেই গুজব ছড়াতে পারে। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কোনো শিশু যদি ক্যাম্পেইন চলাকালে ভিটামিন এ ক্যাপসুল খেতে ব্যর্থ হয় তাহলে নিয়মিত কেন্দ্র থেকে পরে গ্রহণ করতে পারবে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ক্যাম্পেইনের প্রতি কেন্দ্রে স্বেচ্ছাসেবীসহ মোট ৬জন করে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.





















মতামত