নাঙ্গলকোটে ডিবি পুলিশের গাড়ি চাপায় ১জনের মৃত্যু, আহত-১ | সংবাদ প্রতিক্ষণ
Home / জেলা সংবাদ, লিড নিউজ, সারাদেশ / বিস্তারিত পড়ুন

নাঙ্গলকোটে ডিবি পুলিশের গাড়ি চাপায় ১জনের মৃত্যু, আহত-১

2 May 2024, 10:08:10

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-

কুমিল্লা-হাসানপুর আঞ্চলিক সড়কের নাঙ্গলকোটের মন্তলী ঝিকুটিয়া ইসহাক মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় বুধবার রাত পৌনে ১১টার দিকে ডিবি পুলিশের গাড়ি চাপায় জিয়াউল হক (৩৭) নামে এক ওয়ার্কসপ ব্যবসায়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় গাড়ির ধাক্কায় জিয়াউল হক নামে অপর এক পথচারী গুরুতর আহত হয়েছে। গাড়ি চাপায় মৃত্যু হওয়া জিয়াউল হক মন্তলী গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র। মৃত ইসমাইল হোসেনের ৫ পুত্রের মধ্য জিয়াউল হক সবার ছোট। জিয়াউল হকের আব্দুল্লাহ ও আফসান নামে ৮ ও ৪ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে। আহত জিয়াউল হক একই গ্রামের হাজী সেরাজুল হকের ছেলে, তাকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক পালিয়ে গেলেও ডিবি পুলিশের ৩ সদস্যকে আটক করে রাখে স্থানীয়রা।
দুর্ঘটনার খবর শুনে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাছান, ডিবি ইন্সপেক্টর রাজেশ বড়ুয়া, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী ও পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শী আহত জিয়াউল হক বলেন, রাত পৌনে ১১টার দিকে মন্তলী ঈদগাহ মার্কেট থেকে আমি বাড়ির দিকে যাওয়ার সময় ঝিকুটিয়া ইসহাক মজুমদার বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম মোড়ে পৌঁছলে একটি বেপরোয়া গতির সাদা রঙ্গের মাইক্রোবাস ঈদগাহ মার্কেটের ব্যবসায়ী জিয়াউল হকের মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় আমি লাফিয়ে রাস্তার অপর পাশে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে ব্যাথা পাই। আমার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে জিয়াউল হককে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ঈদগাহ মোড়ের ব্যবসায়ী বেলাল হোসেন (থাইফুড বেলাল) বলেন, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে এসে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠাই। এসময় গাড়ি থেকে ৪জন বের হয়ে এসে ৩জন নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আসামিকে ধাওয়া করতে গিয়ে দুর্ঘটনা ঘটে বলে দাবি করেন।

মৃত্যু জিয়াউল হকের বড় ভাই বেলাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। পরে তাকে কুমিল্লায় নেয়ার পথে অবস্থার অবনতি হওয়ায় লাকসাম একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, আমরা খবর শুনে পুলিশ সুপারের নির্দেশনায় ঘটনাস্থলে এসেছি। যে ঘটনাটি ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এব্যাপারে আপনারা আগামী ১২ঘন্টার মধ্যে একটি দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এব্যাপারে পুলিশ প্রশাসন তদন্ত পূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

 

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত